হবিগঞ্জে বজ্রপাতে ৬ কৃষক নিহত

আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:২৪
হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৬ জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে তারা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।
 
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ জেলার বিভিন্ন স্থানে ভয়াবহ রূপ নিয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র আধাঘন্টা স্থায়ী হয় ঝড়। এ সময়ে ঝড়ে হাওরে ধান কাটা অবস্থায় ৬ জন শ্রমিক বজ্রপাতে মারা যান। 
 
নিহতরা হলেন, বানিয়াচংয়ের মাকালকান্দি হাওরে স্বপন দাশু (৩৫)। তিনি দাইপুর গ্রামের বসন্ত দাশের ছেলে। একই উপজেলার নূরপুর হাওরে জয়নাল উদ্দিন (৬০)। তিনি সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি এলাকার বাসিন্দা। উল্লেখ্য, এ দু’টি স্থানে আহত হন আরও ৬ জন।
 
নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুর গ্রামের হাওরে নারায়ন পাল (৪০) ও আমড়াখাই হাওরে হাবিব উল্লাহর ছেলে আবু তালিব (২৫) বজ্রপাতে মারা যান। এছাড়া লাখাই উপজেলার তেঘরিয়া হাওরে সফি মিয়া (৫৫) ও মাধবপুর উপজেলার পিয়াইম হাওরে রাম কুমার সরকারের ছেলে জোহর লাল সরকার (১৮) নিহত হন।
 
ইত্তেফাক/নূহু