বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশে কাছিকাটা টোলপ্লাজায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনকারী পিকআপটি (ঢাকা মেট্রো-১৩-৭৯৭০) আটক করা হয়। মঙ্গলবার রাতে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই অভিযান চালায়।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে আটককৃত তিন মাদক ব্যবসায়ীসহ পালিয়ে যাওয়া একজনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আলমগীর পাশা। আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী কুরুশ ফেরুশা গ্রামের আফজাল হোসেনের ছেলে দুলাল (২৪), রংপুর জেলার সদর থানার আশরতপুর ঈদগাহ পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সুমন মিয়া (৩২), মোজাম্মেল হকের ছেলে ময়নুল ইসলাম (২৬) ও একই এলাকার আরিফ (২৫)। তবে অভিযুক্ত আরিফ পিকআপ থেকে পালিয়ে যায়।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আলমগীর পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি পিকআপকে ধাওয়া করা হয়। এক পর্যায়ে মহাসড়কের গুরুদাসপুর অংশের কাছিকাটা টোলপ্লাজায় পিকআপটি আটক করা হয়। এ সময় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ওই তিনজনকে আটক করা গেলেও আরিফ পালিয়ে যায়। ওই রাতেই তিন আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/নূহু
