সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকি কামারগাঁওয়ে বুধবার বেলা ২টার দিকে বজ্রপাতে নুরুল হক (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মোড়ারগাঁও গ্রামের বাসিন্দা।
ঘটনার সময় নুরুল গোয়াইনঘাটের তোয়াকুলের লাকি কামারগাঁওয়ে তার মামার বাড়ি যাচ্ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
এদিকে একই সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা, কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। রাধানগর বাজারে একাটি বটগাছ উপড়ে পড়ে ১০টি দোকান ভেঙে পড়ে। এ সময় ১০ জন আহত হন।
আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, তোয়াকুলের লাকি কামারগাঁওয়ে একজনের মৃত্যুর খবর ও উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে কাঁচা ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়ার খবর পেয়েছেন বলে জানান। ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু
