কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্যের জেরে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, গতকাল রাত ৮টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আলোচিত আনসার ব্যারাক সংলগ্ন শালবাগানের পশ্চিমে সশস্ত্র আরসা সদস্য নুরুল আলম গং এবং সশস্ত্র ডাকাত রহিম উল্লাহ গংয়ের মধ্যে আধিপত্য বিস্তার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য নিয়ে বিরোধের সূত্র ধরে দু'গ্রুপের মধ্যে গোলাগুলির সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা প্রায় ৭/৮ রাউন্ড গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানায়। এতে গুলিবিদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বি-ব্লকের ডাকাত রশিদুল্লাহ, সি-ব্লকের জকির, ই-ব্লকের কংফু মাস্টার ছৈয়দ ও রহিম উল্লাহ ডাকাত আহত হন।
এই ঘটনা ফাঁস হলে নিরাপত্তা বাহিনীর বিশেষ দল, স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশ-আনসার ও বিজিবি সদস্যরা অভিযানে গেলে ডাকাত সদস্যরা পালিয়ে যান। রাত দেড়টায় পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত মোচনীপাড়ার নসিউজ্জামানের ছেলে ঈমাম হোসেনকে (৩৫) একটি দেশীয় তৈরি এলজিসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে বলে মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া নিশ্চিত করেন।
ইত্তেফাক/এসএস
