ইসলামিক সলিডারিটি আরচারিতে শ্রেষ্ঠত্ব বাংলাদেশের

আপডেট : ০৯ মে ২০১৮, ১৯:৫৯
স্বাগতিক বাংলাদেশের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হল ২য় আন্তর্জাতিক ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে। আসরে ১০টি স্বর্ণপদকের মধ্যে ৫টিই দখল করে নিয়েছে বাংলাদেশের আরচাররা। এছাড়া ৫টি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক নিয়ে সর্বমোট ১১টি পদক জয় করেছে বাংলাদেশ। 
 
একটি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ সর্বমোট চারটি পদক নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থান নিশ্চিত করেছে ইরাক। পদক তালিকার তৃতীয় অবস্থানে থাকা তুরস্ক জয় করেছে একটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক। এছাড়া একটি করে স্বর্ণপদক নিয়ে তালিকার পরবর্তী স্থান দখল করেছে যথাক্রমে সৌদি আরব, এস্তোনিয়া ও আজারবাইজান। 
 
এবারের আসরে বাংলাদেশ একটি স্বর্ণপদক কম পেলেও রৌপ্যপদক পেয়েছে বেশি। গত বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৬টি স্বর্ণপদক পেলেও এবারের আসরে পেয়েছে ৫টি। অপরদিকে গত আসরে একটি মাত্র রৌপ্যপদক পেলেও এবার পেয়েছে ৫টি রৌপ্য ।
 
আজ মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ দিনের প্রতিযোগিতায় কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশের অসীম কুমার দাস ১৪০-১৩৪ স্কোরের ব্যবধানে স্বদেশী মো. আবুল কাশেম মামুনকে, কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের রোকসানা আক্তার ১৩৬-১৩৩ স্কোরের ব্যবধানে ইরাকের আল মাসহাদানী ফাতিমাকে, কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে ইরাকের আল মাসহাদানী ফাতিমা ও সাখান ওয়ালিদ হামিদ জুটি ১৪৬-১৪৩ স্কোরের ব্যবধানে বাংলাদেশের অসীম কুমার দাস ও রোকসানা আক্তার জুটিকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। 
 
এছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে অসীম কুমার দাস, মো. আবুল কাশেম মামুন ও মো. মিলন মোল্লার সম্বয়ে গঠিত বাংলাদেশ দল ২২৫-২০৫ স্কোরের ব্যবধানে আল দাঘান ইসহাক, ফাইয়াধ আব্দুল্লাহ্ ও মোতির আমিরকে নিয়ে গঠিত ইরাক দলকে এবং কম্পাউন্ড মহিলা দলগত বিভাগে রোকসানা আক্তার, বন্যা আক্তার ও রিতু আক্তারকে নিয়ে গঠিত বাংলাদেশ দল ২১৬-১৫২ স্কোরের ব্যবধানে এল আসাদি কাদিয়া, এল ফাইজ সৌদ ও কারদাউদ ফাতিমা জাহরাকে নিয়ে গঠিত মরক্কোকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। 
 
এদিন রিকার্ভ পুরুষ এককে সৌদিআরবের বিনালী আবদালেলাহ ৭-১ সেট পয়েন্টে বাংলাদেশের মো. রুমান সানাকে, রিকার্ভ মহিলা এককে এস্তোনিয়ার পারনাট রিনা ৭-১ সেট পয়েন্টে তুরস্কের উনসাল বেগুনহানকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। 
 
রিকার্ভ মিশ্র দলগত বিভাগে বেরেকেত বুকার ও উনসাল বেগুনহানকে নিয়ে গঠিত তুরস্ক ৫-১ সেট পয়েন্টে বাংলাদেশের মো. রুমানা সানা ও নাসরিন আক্তার জুটিকে, রিকার্ভ পুরুষ দলগত বিভাগে মো. রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও শেখ সজিবকে নিয়ে গঠিত বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে নাগারকোটি রুশান, শেরচান অসীম ও পুন মাগার তিলককে নিয়ে গঠিত নেপালকে এবং রিকার্ভ মহিলা দলগত বিভাগে গাসিমোভা অজি, ইবাদোভা সুঘরাগহানিম ও রামাজানোভা ইয়ালাগুলকে নিয়ে গঠিত আজারবাইজান ৫-৪ সেট পয়েন্টে নাসরিন আক্তার, বিউটি রায় ও মোছা. রাদিয়া আক্তার শাপলাকে নিয়ে গঠিত বাংলাদেশকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। 
 
আজ প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, এম.পি। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এসময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেআই