প্রতিবেশীর লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১০ মে ২০১৮, ১২:৫৯
কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামীর প্রতিবেশী বড় ভাইয়ের লাঠির আঘাতে স্ত্রী পারুল বেগম (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
 
ওইদিন রাতেই নিহতের স্বামী ইব্রাহিম হোসেন বাদী হয়ে তার বড় ভাই আহাম্মদ মোল্লাকে (৫৫) প্রধান, ৬জন এজাহার নামীয় ও অজ্ঞাত ২জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হীরা মোল্লা (২২) নামের এক আসামিকে আটক করেছে। আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মো. নাজমুল ইসলাম।
 
মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার বিকেলে প্রতিবেশী বড় ভাই আহাম্মদ মোল্লার সাথে পারুল বেগমের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আহাম্মদ উত্তেজিত হয়ে তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। সাথে সাথে পারুল মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া জানান, প্রাথমিক সুরতহাল সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই নিহতের স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। একজনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি