মঠবাড়িয়ায় ধর্ষণে ব্যার্থ হয়ে দুজনকে কুপিয়ে জখম

আপডেট : ১০ মে ২০১৮, ১৭:৪৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণ চেষ্টায় ব্যার্থ হয়ে সৌদি প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তি। এ সময় বাঁধা দিতে এলে মাকেও কুপিয়ে জখম করেছে ওই ব্যক্তি। ধর্ষণচেষ্টাকারী এ ব্যক্তির নাম মজিবর রহমান (৪৫)। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাতে অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মজিবুর উপজেলার ধানীসাফা গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে। 
 
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ধানীসাফা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগমকে তার স্বামীর বড় ভাই মজিবুর রহমান গত মঙ্গলবার দুপুরে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় প্রবাসীর স্ত্রী ডাকচিৎকার দিলে তার শ্বাশুড়ি রাহেলা বেগম ছুটে এসে বাঁধা দেন। পরে মজিবুর ধর্ষণে ব্যার্থ হয়ে ছোট ভাইয়ের স্ত্রী ও মা রাহেলা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুত্রবধূ ও শ্বাশুড়িকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
এ ঘটনায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মজিবুরকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু