যশোরের শার্শা উপজেলা থেকে উদ্ধার করা জেব্রাগুলো আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে। পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার হওয়া আটটি জেব্রা একটি ট্রাকের মধ্যে বিশেষভাবে তৈরি বাক্সে করে আজ দুপুর ১২টার দিকে এ সাফারি পার্কে আনা হয়। পরে তাদের প্রজাপতি গার্ডেনের পাশে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। জেব্রাগুলোর মধ্যে রয়েছে সাতটি মাদি এবং একটি পুরুষ। এখন পর্যন্ত জেব্রাগুলো সুস্থ আছে। ইতিমধ্যে তাদের খাবার-পানি দেয়া হয়েছে। এছাড়া এ বেষ্টনীতে ন্যাচারাল ঘাস রয়েছে। জেব্রাগুলো ওই ঘাস খাচ্ছে।
আনিসুর রহমান আরো জানান, উদ্ধার হওয়া জেব্রাগুলো বাদে এ সাফারি পার্কে আরও ১৪টি জেব্রা আছে। সেগুলো আলাদা বেষ্টনীতে অবস্থান করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে যশোর ডিবি পুলিশ শার্শা উপজেলার সাতমাইল পশুহাটের একটি খাটাল থেকে ৯টি জেব্রা উদ্ধার করে। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। আইনি কার্যক্রম শেষে গতকাল রাতে ওয়াইল্ড লাইফ কর্তৃপক্ষের কাছে জেব্রাগুলো হস্তান্তর করে পুলিশ। পরে সেখান থেকে জেব্রাগুলাকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়।
ইত্তেফাক/এসএস
