ভোলায় এনজিও কর্মী খুন

আপডেট : ১০ মে ২০১৮, ২১:৪০
ভোলায় ঋণের টাকা আদায় করতে গিয়ে বেলাল হোসেন (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় ওই কর্মকর্তার কাছে থাকা প্রায় দুই লাখ টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় হত্যাকারী যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের হাজিরহাট বাজারের কাছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী মো. বিল্লালের মা দুলারা বেগম (৪৫)কে আটক করেছে। 
 
হিড-বাংলাদেশ ভোলা শাখার ব্যবস্থাপক রতন অধিকারী সাংবাদিকদের জানান, বেলাল হোসেন তাঁদের সংস্থার ক্যাডিট অফিসার। তিনি বৃহষ্পতিবার ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের হাজিরহাট এলাকার বিভিন্ন সমিতি থেকে সাপ্তাহিক ঋণের কিস্তি তুলে দুপুর দেড়টার দিকে আরেকটি সমিতির সদস্য দুলারা বেগমের কাছে টাকা আনতে যান। দুলারা বেগম ওই এনজিও’র কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেয়।
 
স্থানীয়রা জানান, এ সময় ঋণের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পেটে কুপিয়ে হত্যা করে। এ সময় বেলাল বাঁচার জন্য চিৎকার দিয়ে বাড়ির  উঠানে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে পুলিশ মো. বিলালের মা দুলারা বেগমকে আটক করে।
 
ভোলা সদর থানার ওসি ছগির মিঞা ও এসআই রফিক সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এছাড়া দুলারা বেগমকে আটক করেছে।
 
এ ঘটনায় নিহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু