ফিটকিরির পরিবর্তে শাড়ি-থ্রিপিস আমদানি, ভারতীয় ট্রাক জব্দ

আপডেট : ১১ মে ২০১৮, ১৩:৫২
যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফিটকিরির পরিবর্তে শাড়ি-থ্রিপিস আমদানি করায় ভারতীয় একটি ট্রাক জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাকটি জব্দ করা হয়।
 
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, ঢাকাস্থ ফারদিন ট্রেড ইন্টান্যাশনাল নামে বাংলাদেশি এক আমদানি-কারক প্রতিষ্ঠান ভারত থেকে তিনশ' প্যাকেজ (১৫ মেট্রিক টন) ফিটকিরির আমদানির জন্য ব্যাংক থেকে এলসি খোলেন। কিন্তু পণ্য চালানে ফিটকিরির স্থলে উন্নত মানের শাড়ি-থ্রিপিস আমদানি করে গতকাল রাতে বন্দরের ৩৪ নম্বর শেডে প্রবেশ করেছে। পরে কাস্টমস-এর গোয়েন্দার একটি টিম অভিযান চালিয়ে ভারতীয় একটি ট্রাক জব্দ করে।
 
তিনি জানান, পরে ট্রাকের ডালা খুলে ফিটকিরির স্থলে উন্নত মানের শাড়ি-থ্রিপিসের চালান দেখতে পায়। সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করায় পণ্য চালানটি জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য চালানটির মূল্য এক থেকে দেড় কোটি টাকা হবে বলে উত্তম চাকমা জানিয়েছেন।
 
ইত্তেফাক/এসএস