দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংক্ষিপ্ত সময়ের জন্য আজ শুক্রবার( ১১ মে) তার নিজ এলাকা মিঠামইন সফরে আসেন। বেলা ১২টার দিকে তিনি মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে রিকশাযোগে ডাকবাংলোয় যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন।
পরে রাষ্ট্রপতি রিকশাযোগে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেখান থেকে রাষ্ট্রপতি রিকশাযোগে মিঠামইন বাজার ঘুরে ঘুরে দেখেন। পরে নিজ বাড়ি সংলগ্ন কামালপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে পিতা-মাতার কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেন।
IMG0
জিয়ারত শেষে নিজ বাড়ির আঙ্গিনায় নির্মিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমার এলাকায় আসতে কয়েকদিন দেরি হলো। তিনি এ বছর হাওর অঞ্চলে বজ্রপাতকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আখ্যায়িত করেন। তিনি বলেন, গত বছর অকাল বন্যায় হাওরে ব্যাপক ফসলহানি হয়েছিল। কিন্তু এ বছর হাওরে এবার বোরোর ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টির কারণে ধান শুকাতে কৃষকদের কিছুটা অসুবিধা হচ্ছে।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিক মেজর জেনারেল মো. সরওয়ার হোসেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, জেলা প্রশাসক মো: সারওয়ার হোসেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রমূখ। রাষ্ট্রপতি বিকাল সোয়া চারটার দিকে ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করেন।
ইত্তেফাক/কেআই
