রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে। এ সময় পুলিশ তাদের ব্যবহূত হলুদ রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ করেছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে থানার বৃন্দারামপুর এলাকা থেকে তাদের আটক করে। এরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুর মধ্যপাড়ার মৃত হারুনুর রশীদের ছেলে মো. আফসার (৩০); রাজশাহী গোদাগাড়ী থানার ফুলবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে মো. বাইতেল আতিক (৩২) এবং রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বৃন্দারামপুর গ্রামের বাচ্চু সরকারের ছেলে মো. জিয়া (৩৫)।
আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, রাত্রিকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার এসআই মো. রুকুনুজ্জামান তার সঙ্গীয় ফোর্সসহ মহানগরীর দামকুড়া থানাধীন বৃন্দারামপুর এলাকা হতে আসামীদের ৭০ কেজি গাঁজাসহ আটক করে। আটক গাজার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
