সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় বলেই কৃষকরা আজ বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ পায়।
শনিবার সকালে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রদত্ত প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী ও নেরিকা আউশ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৫০ হাজার টন খাদ্য ঘাটতি নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসে। আজ আমাদের দেশ খাদ্য রফতানি করছে। বিএনপি-জামায়েত সার চাওয়ার অপরাধে কৃষককে গুলি করে মেরেছে। আজ সারের কোনো সংকট নেই। এগুলো বর্তমান সরকারের সাফল্য।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন কৃষককে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছেন। সাধারণ মানুষের আয় বেড়েছে। তলা বিহীন ঝুড়ি আখ্যায়িত বাংলাদেশ আজ উপচে পড়া ঝুঁড়িতে রূপান্তরিত হয়েছে।
এমপি মনির বলেন, ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। গ্রামের চেহারা পাল্টে গিয়েছে। উন্নয়ন আজ দৃশ্যমান। দেশের উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী চেয়ারম্যান, কৃষি অফিসার রইচ উদ্দীন, সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন, কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন নাহার, সিংহঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিপু প্রমুখ।
এর আগে উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নে আফরা বাজার মোড়ে ইস্ট্রিট রোড লাইট স্থাপন করেন সংসদ সদস্য মনিরুল ইসলাম। পরে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের চাচী মরহুমা দেলজান বেগমের নামাজে জানাযায় অংশগ্রহন করেন তিনি।
ইত্তেফাক/রেজা
