বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেয়া সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশি বাঁধার মুখে পড়ে।
রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু
হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে ফিরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে। তারা পরবর্তী কর্মসূচির জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানায়।
এ সময় আন্দোলনকারীরা 'কোটা নিয়ে টালবাহানা আর হবে না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই, আর নয় কালক্ষেপণ দ্রুত চাই প্রজ্ঞাপন, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, প্রজ্ঞাপণ জারি করো না হয় গুলি কর, যদি কর টালবাহানা দাঁড়িয়ে থাকতে পারবে না” এ ধরণের বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
ইত্তেফাক/নূহু
