ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন (৬) ও মো. সিয়াম (৪) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঙ্গাসিয়া এলাকায় নিজ বাড়িতে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।
এসময় তাদের উদ্ধার করতে এসে ২ প্রতিবেশী গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নিহত আল আমিন ও সিয়াম ওই এলাকার মিজান খন্দকারের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবির জানান, নিহত দুই শিশুর বাড়ির উপর দিয়ে লাইন নিয়ে পাশের বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হচ্ছিল। কোনভাবে সেই তার লিক হয়ে মাটিতে পড়েছিলো। সকালে দুই ভাই খেলার ছলে সেই তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় অভিযোগ দেয়া হলে অবশ্যই মামলা দায়ের হবে বলে জানান ওসি।
ইত্তেফাক/এসএস
