লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন পাটওয়ারী মশুকে আটক করেছে র্যাব-১১। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জকসিন বাজারের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
পরে মোশারফ হোসেন মশুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
র্যাব জানায়, অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়। তিনি দেড় বছর ধরে ইয়াবা সেবন করেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ইত্তেফাক/এসএস
