চরফ্যাশনে ট্যাংকার চাপায় এনজিও কর্মী নিহত

আপডেট : ১৪ মে ২০১৮, ১৬:০৬
ভোলা চরফ্যাশনে গাড়িওয়ালার মোড় নামক স্থানে ডিজেলবাহী ট্যাংকার চাপায় ঘটনাস্থলেই শিরিন আক্তার মুন্নি (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মুন্নি চরফ্যাশন পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। এঘটনায় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন মুন্নিকে বহনকারী অটোরিকশা চালক ইয়াকুব আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠিয়েছে। পুলিশ নিহত এনজিও কর্মীর লাশ এবং ট্যাংকারটি থানা হেফাজতে নিয়েছে। ঘটনার পরই ট্যাংকার চালক দীলিপ পালিয়ে গেছে।
 
নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শিরিন আক্তার স্থানীয় একটি এনজিও কর্মীর শশী ভূষণ এলাকার মাঠ কর্মী। সকালে অটোরিকশা যোগে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছুলে দ্রুত গতির ডিজেলবাহী ট্যাংকারটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিরিন আক্তার মুন্নি। এসময় ট্যাংকার ও অটোরিকশার মাঝে চাপা পড়ে অটোরিকশা চালক ইয়াকুব আলী ডান পা ভেঙে গুরুতর আহত হন।
 
চরফ্যাশন থানার ওসি ম,এনামুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্যাংকারটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস