চলতি মৌসুমে রোমা থেকে লিভারপুলে আসা সালাহর জন্য ছিল অবিশ্বাস্য সাফল্য। সেই সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার হয়েছেন। লিভারপুলের হয়ে এই মৌসুমে ৫০ ম্যাচে গোল করছেন ৪৪টি। এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের বিপক্ষে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন তিনি। তাই এখনই ব্যালন ডি অ’র নিয়ে ভাবছেন না তিনি। সালাহ বলেন, ও সব ভাবছিই না। আমার এখন একটাই কাজ। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জেতাতে সাহায্য করা।’
কেউ কেউ আবার সালাহকে মেসি ও রোনালদোর সঙ্গেও তুলনা শুরু করেছেন। তবে ফুটবল বিশ্বের এসব সেরা তারকাদের সঙ্গে মেলানোয় অস্বস্তি বোধ করছেন মিশরের এই তারকা। তিনি বলেন, ‘এমন আজগুবি তুলনা আমার মোটেই ভাল লাগছে না। মেসি, রোসালদো দু’জনই বিরাট ফুটবলার। সব চেয়ে বড় কথা, দশ-এগারো বছর ধরে ওরা একটানা অসাধারণ খেলে যাচ্ছে। আমাকেও অনেক দিন ভাল খেলতে হবে। তারপর এ সব কথা উঠলে তাও একটা মানে থাকে।’
সালাহর দুর্দান্ত সাফল্যে তাই এখন ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে লিভারপুল। প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ৩২। লিগে ক্লাবটি শেষ করেছে চার-এ থেকে। তাই পরবর্তী মৌসুমেও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। এর পেছনে মূল কারিগর এই একজনই।
ইত্তেফাক/কেআই
