অবশেষে রাজশাহী মহানগর যুবলীগ নেতা সুমন বহিষ্কৃত

আপডেট : ১৪ মে ২০১৮, ১৯:৫৩
অবশেষে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমনকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর যুবলীগের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
জানা যায়, মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। সুমনকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে রমজান আলী বলেন, সভায় মহানগর যুবলীগের ১১১ সদস্যের মধ্যে ৯৮ জন উপস্থিত ছিলেন। তারা সবাই সুমনকে বহিষ্কারের জন্য একমত হয়েছেন। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুবলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
 
উল্লেখ্য, যুবলীগ নেতা সুমনের বিরুদ্ধে কিশোরের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ গত ১৫ এপ্রিল ফাঁস হয়। ২০ এপ্রিল মহানগর যুবলীগের সভায় তাকে সাময়িকভাবে বহিষ্কার ও ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু ভিডিওটি তার নয় বলে প্রমাণ করতে পারেননি সুমন।
 
এদিকে, সুমনের বিচার চেয়ে গত শনিবার রাসিকের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নুরুজ্জামান টিটোর নেতৃত্বে এলাকায় ঝাড়ু মিছিল করে এলাকাবাসী। অন্যদিকে সুমনের ভয়ে ভিকটিম সোহাগ নিখোঁজ রয়েছে বলে তার মা আকলিমা বেগম নগরীর চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া গত শুক্রবার নগরীর শিরোইল কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মাইনুল ইসলাম আশরাফি মসজিদে সুমনের পক্ষে কথা বলতে গিয়ে বিতর্কিত হন এবং স্থানীয়রা ওই ইমামকে বরখাস্ত করেন। এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে সোমবার সুমনকে সংগঠন থেকে বহিষ্কার সিদ্ধান্ত নিয়েছে মহানগর যুবলীগ।
 
ইত্তেফাক/এসএস