কুমিল্লায় বজ্রপাতে রুহুল আমিন মিয়াজী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবদুল মান্নান মিয়াজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে সবজিক্ষেতে কাজ করছিলেন ৩ সন্তানের জনক কৃষক রহুল আমিন। বিকাল পৌনে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। সঙ্গে বজ্রপাত হতে থাকে। এক পর্যায়ে বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন।
তাকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাতে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু ইউসুফ মশিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
