কেসিসির ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

আপডেট : ১৫ মে ২০১৮, ২৩:৫৬
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই করে ভোট দেয়া, কেন্দ্র দখল ইত্যাদি কারণে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া, বিভিন্ন কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, হুমকি-ধামকি, ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 
 
আজ মঙ্গলবার দুপুরে দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিতের ঘোষণার কথা জানান সহকারী জেলা রিটার্নিং অফিসার আনিসুর রহমান।
 
স্থগিত হওয়া ভোটকেন্দ্র দুটি হচ্ছে ২০২ নম্বর ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র এবং খুলনা ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ভোটকেন্দ্র।
 
সহকারী জেলা রিটার্নিং অফিসার আনিরুর রহমান জানান, ২০২ নম্বর ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রের ৭০৭ নম্বর বুথে ৫০-৬০ লোক প্রিজাইডিং অফিসার খলিলুর রহমানের কাছ থেকে ব্যালট পেপার ছিনতাই করে প্রকাশ্যে ভোট মারার অভিযোগে সেই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
 
এছাড়া, খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আমির হোসেন জানান, দুপুর ১২টার দিকে ৮-১০ জনের একদল দুষ্কৃতিকারী কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করে একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে সিল মারে। এ ঘটনায় ভোটগ্রহণ তাৎক্ষণিক স্থগিত করা হয়। পরে দুপুর ২টা ১৫ মিনিটে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পুরোপুরি স্থগিত করা হয়। এদিকে, ২২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহবুব কায়সারের এজেন্ট আলী আকবরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মাহবুব কায়সার ২২নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
 
ইত্তেফাক/কেকে