নিষেধাজ্ঞা বৃদ্ধি, বিশ্বকাপ খেলা হচ্ছে না পেরু অধিনায়ক গুয়েরেরোর

আপডেট : ১৫ মে ২০১৮, ১৭:০৮
ডোপিং নিষেধাজ্ঞা ৬ মাস থেকে বাড়িয়ে ১৪ মাস হওয়ায় রাশিয়া বিশ্বকাপে খেলতে পারছেন না পেরুর অধিনায়ক পাওলো গুয়েরেরো। বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।
 
অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরে গুয়েরেরোর শরীরে কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। যে কারণে ফিফা তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। কিন্তু আপিলে তা ছয় মাসে কমিয়ে আনা হয়। এর ফলে বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে তার এই নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার কথা ছিল। 
 
এ অবস্থায় গুয়েরেরোকে অধিনায়ক করে গতকাল বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এ অবস্থায় বিশ্ব এন্টি-ডোপিং এজেন্সির অনুরোধে সিএএস আপিলের সিদ্ধান্ত আংশিকভাবে স্থগিত করে। সিএএস’র একটি প্যানেল সব কিছু যাচাই-বাছাই করে গুয়েরেরোর দোষের মাত্রা নিরিখে শেষ পর্যন্ত তাকে ১৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। তাই রাশিয়া বিশ্বকাপে নেতৃত্ব তো নয়ই, খেলাই হচ্ছে না গুয়েরেরোর। 
 
ইত্তেফাক/কেআই