চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের মোট ৯টি কেন্দ্রই দখলের অভিযোগে বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন বাবুল নির্বাচন বর্জন করেছেন। কেন্দ্র দখলের বিস্তারিত তথ্য দিয়ে আগামীকাল বুধবার নির্বাচন কমিশনের বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির এই প্রার্থী।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী দাবী করেন, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হয়। দুপুরে খাবারের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা একযোগে সবগুলো কেন্দ্র দখল করে নেয়। এই সময় কয়েকটি কেন্দ্রে পুলিশের সাথে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণসহ বিক্ষিপ্ত ঘটনায় পুলিশসহ কয়েক নেতা-কর্মী আহত হয়। এছাড়া দেওদ্রোন ভোট কেন্দ্রে ব্যালট পেপার পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খোরশেদ আলম বকাউল নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবদুর রব মিয়া ওরফে খোকন বিএসসি আনারস ও ওমর ফারুক ঘোড়া মার্কা ও বিএনপির আনোয়ারুল ইসলাম বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশ নেন। এছাড়া, চারিআনি ভোট কেন্দ্রে দুই বোন সংরক্ষিত নারী প্রার্থী ছিলেন। তাদের সমর্থকদের মাঝেও হট্টগোল হয়।
প্রথমবারের নবগঠিত দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৯শ' ১৬। কেন্দ্র ছিল ৯টি আর বুথ ৩২টি। অন্যদিকে হাজীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলরের উপ-নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও ভোটার উপস্থিতি ছিল অপ্রতুল।
ইত্তেফাক/এসএস
