নারীদের আইপিএল আয়োজনের কথা ভাবছে ভারত

আপডেট : ১৫ মে ২০১৮, ১৯:৩২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার কারণে আগামী তিন বছরের মধ্যে নারীদের আসরও শুরুর চিন্তা-ভাবনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা এক খবর নিশ্চিত করেছেন। 
 
পরীক্ষামূলক হিসেবে এ মাসের শেষের দিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে একটি টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিসিআই’র প্রশাসক বিনোদ রায় এএফপিকে বলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নারীদের আইপিএল করার পরিকল্পনা করছি আমরা। 
 
নতুন লিগ নিয়ে এখনও কোন কিছু প্রকাশ করা হয়নি। কিন্তু গেল বছর নারী বিশ্বকাপের ফাইনালে ভারত খেলতে পারায় আইপিএল শুরুর জন্য চাপ সৃষ্টি হয়েছে। আগামী ২২ মে মুম্বাইয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার নারী খেলোয়াড়রা আইপিএলের নিয়মে ভারত দলের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলবে। রায় আরও বলেন, ‘মুম্বাইয়ে পুরুষদের আইপিএলের প্রথম প্লে-অফের আগে বিসিসিআই একাদশ ও আইপিএল একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।’
 
গেল বছর নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া ভারত দলের অধিনায়ক মিথালি রাজ প্রদর্শনী ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন। বিশ্বকাপে দুর্দান্ত সাফল্যের আইসিসি মহিলা খেলোয়াড়দের জন্য আরও অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছে। 
 
ইত্তেফাক/কেআই