গোদাগাড়ীতে বজ্রপাতে শিশুসহ দুজন নিহত

আপডেট : ১৫ মে ২০১৮, ২১:২৮
রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের চান্দলাই গ্রামে ও গোদাগাড়ী ইউনিয়নের শিমলা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা উপজেলার চান্দলাই গ্রামের আব্দুল গনির ছেলে শিশু আব্দুল্লাহ (৭) ও  শিমলা  গ্রামের ময়েজ আলীর ছেলে সেলিম (৩০)।
 
নিহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির বাইরে খেলার সময় বজ্রপাতে শিশু আব্দুল্লাহ নিহত হয়।
 
অন্যদিকে, সকালে বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করছিলেন সেলিম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আরও দুজন আহত হয়েছে বলে জানা গেছে।
 
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলতাফ হোসেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
ইত্তেফাক/নূহু