ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে শ্রমিক খুন

আপডেট : ১৫ মে ২০১৮, ২১:৫১
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধান কাটার মজুরির পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন এমদাদুল হক (৩৫) নামে এক শ্রমিক। এ সময় তার দুই সহোদর ও পাশের বাড়ির স্বামী-স্ত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রূপসি ইউনিয়নে পাঁচকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, পাঁচকাহনিয়া গ্রামের নুরুল ইসলাম ওরফে আবু মিয়ার দিনমুজুর তিন ছেলে পাশের কাতুলি গ্রামের ইসমাইল মুন্সির ছেলে জসিম উদ্দিনের ধান কাটে। এতে ১৮শ টাকা মুজুরি হয়। জসিমউদ্দিন ১ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকার জন্য শর্ত জুড়ে দেয় হাঁটু পানি থেকে ধান কেটে দেয়ার।
 
এ নিয়ে সোমবার নিহত এমদাদুল হকের ভাগিনা জুয়েলকে মারধর করে ইসমাইল মুন্সির লোকজন। তারা এলাকায় লাঠিয়াল ও ত্রাস হিসেবে পরিচিত।
 
মঙ্গলবার আবু মিয়ার তিন ছেলে অন্যের ধান কেটে দুপুরে বাড়িতে আহার করার জন্য আসার পথে ওঁৎ পেতে থাকা ইসলামইল বাহিনীর লোকজন। তারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের দা দিয়ে কুপিয়ে আহত করে। তাদের বাঁচাতে এগিয়ে আসেন পাশের বাড়ির মফিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী তাসলিমা (২৩)। তারাও আহত হন।
 
আহত তিন সহোদর হলেন, এমদাদুল হক (৩৫), শহিদুল ইসলাম (৩০) ও আলম (২৫)।এদের মধ্যে গুরুতর আহত এমদাদুল ও শহিদুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতালে নেয়ার পথে এমদাদুল হক মারা যায়।
 
হাসপাতাল সূত্র জানায়, দায়ের কোপে মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে এমদাদুলের মৃত্যু হয়।
 
ফুলপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি) একেএম মাহবুব আলম রাত সোয়া ৮টায় ইত্তেফাককে জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু