মণিরামপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন আ.লীগের জহুরুল ইসলাম

আপডেট : ১৫ মে ২০১৮, ২৩:১৬
যশোরের মণিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ হাজার ৪৯১ ভোট পেয়ে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জহুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী গাজী আব্দুস সাত্তার ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৩১৫ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক চশমা প্রতীকে ১ হাজার ১২৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী তৈয়বুর রহমান হাতপাখা প্রতীকে ১৯০ ভোট এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহাদাৎ হোসেন লাঙ্গল প্রতীকে মাত্র ৪৬ ভোট পেয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় নির্বাচনী ফলাফলের বিষয় নিশ্চিত করেন উপজেলা রিটার্নিং অফিসার মো. সহিদুর রহমান।  
 
এর আগে মঙ্গলবার সকালে উপজেলার হরিহরনগর ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ২৪৬ এবং নারী ভোটার ৯ হাজার ৫২৫ জন। 
 
ঝিকরগাছা সদর ইউপি সদস্য পদের উপ-নির্বাচন: এদিকে যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের হাড়িয়াদেয়াড়া ১নং ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনে জাকির হোসেন ফুটবল প্রতীকে ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহের আহম্মেদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪০৭ ভোট। এছাড়া শহিদুল ইসলাম মোরগ প্রতীক ৩২৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 
 
ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের হাড়িয়াদেয়াড়া কেন্দ্রে ১ হাজার ৯৬২ ভোটের মধ্যে ১ হাজার ৪৫১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা ৭৪.৭২%। এর মধ্যে বাতিল হয়েছে ১৯ ভোট। 
 
উল্লেখ্য, এই ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ওয়ার্ড সদস্যপদ শূন্য হয়। এছাড়া নির্বাসখোলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে কোন প্রতিদ্বন্দী না থাকায় প্রয়াত সাবেক ইউপি সদস্য শাহাজাহান আলীর ছোট ভাই মিজানুর রহমান মন্টু বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
 
ইত্তেফাক/রেজা