ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়ার কর্মীসভার বিরিয়ানি খেয়ে কমপক্ষে ১০০ জন অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ৭০ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া মহেশপুরের হাইস্কুল মাঠে এক কর্মীসভা ও র্যালি আয়োজন করেন।
কর্মীসভায় মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার কর্মী যোগ দেন। সভা শেষে তাদের বিরিয়ানির প্যাকেট দেয়া হয়। এ বিরিয়ানি খাওয়ার পর রাতে বাড়িতে গিয়ে তাদের মধ্যে প্রায় শ’খানেক লোক বমি ও পায়খানা করতে শুরু করে। অসুস্থদের মধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, কোটচাঁদপুরে ১৩ জন ও জীবননগরে ১০ জনকে ভর্তি করা হয়।
মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান জানান, সভা শেষে এক প্যাকেট বিরিয়ানি পান তিনি। বাড়ি ফিরে স্ত্রী ও ছেলেসহ খান। রাত ১১টার দিকে ৩ জনেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে তাদেরকে মহেশপুর হাসপাতালে এনে ভর্তি করা হয়। ফতেপুর গ্রামের একরামুল খান জানান, বিরিয়ানি খাওয়ার পর ভোররাতে পেটে ব্যাথা ও বমি পায়খানা শুরু হয়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আফসার আলী বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় তাদের সারিয়ে তোলা হচ্ছে।
এ ব্যাপারে পারভীন তালুকদার মায়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ইত্তেফাক/ইউবি
