নেত্রকোনায় এক ব্যক্তির ফাঁসিঃ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৬ মে ২০১৮, ১৫:৪৮
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর গ্রামের রিপণ মিয়া নামে এক মোটরসাইকেল পরিবহন শ্রমিককে হত্যার অভিযোগে একজনকে মৃত্যু দন্ডাদেশ এবং অপর দুজনকে যাবজ্জীবন করাদণ্ড প্রদান করেছে নেত্রকোনা জজ আদালত। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আজ বুধবার এই রায় প্রদান করা হয়। 
 
মৃত্যুদণ্ডাশেষপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ রুবেল মিয়া এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন, আশরাফুল এবং মোনির হোসেন।  যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুইজন পলাতক। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান এ রায় দেন।
 
মামলা সূত্রে জানা গেছে,  রিপন মিয়া ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ২০১১ সনের ১৪ জুন রুবেল দুর্গাপুরে যাবার কথা বলে রিপণের মোটরসাইকেলে আরোহী হয়। পরে রিপন রাতে বাড়ি ফিরে না আসায়  বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। এরপর দুর্গাপুর পুলিশ ২০ জুন দুর্গাপুরের বিজয়পুরের নদীর পার থেকে রিপণের লাশ উদ্ধার করে।
 
এ ঘটনায় রিপনের পিতা আহমেদ আলী বাদি হয়ে রুবেল মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগ পত্র দায়ের করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহনান্তে উপরোক্ত রায় প্রদান করেন। 
 
ইত্তেফাক/নূহু