রাজধানীর দক্ষিণখানে আজিজা আক্তার (২৭) নামে এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধরাব সকালে দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, স্বামীকে নিয়ে দক্ষিণখান এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন আজিজা আক্তার। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাদের কোনো সন্তান নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝগড়ার এক পর্যায় স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে ফার্মগেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জিয়াউল ফেনীর দাগনভূঁঞা উপজেলার ইয়াটুপপুর গ্রামের আবাদুর রশিদের ছেলে। তিনি রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় থাকতেন। পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
ফার্মগেট পুলিশ বক্সের আনসার সদস্য অমল দাস জানান, দুপুরে ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের উপর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ বক্সের সামনে পড়ে গুরুতর আহত হন জিয়াউল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাটারা কুড়িল বিশ্বরোড এলাকার একটি টিনসেড বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিরিন আক্তার পুষ্প (২১) নামেএক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। স্বামী সুজন মিয়ার সাথে কুড়িল বিশ্বরোড এলাকায় ভাড়া থাকতেন।
ইত্তেফাক/ইউবি
