আড়াইহাজারে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষরা পিতা-পুত্র দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। বুধবার রাতে উপজেলা বিশনন্দী গ্রামে এই ঘটনা ঘটে। এদের মধ্যে আহত পুত্র তাইজুল ইসলামকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার পিতা হযরত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হযরত আলী আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত হযরত আলী (৪৭ ) জানান, বিশনন্দী গ্রামের মৃত হাসিমের পুত্র শাহজাহান দেড় বছর আগে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ধার নেয়। বারবার তাগাদা দিলেও শাহজাহান তার পাওনা টাকা পরিশোধ না করে নানা টালবাহানা করতে থাকে। বুধবার রাতে হযরত আলী তার ছেলে তাইজুল ইসলামকে সাথে নিয়ে শাহজাহানের বাড়িতে গিয়ে ফের পাওনা টাকা পরিশোধ করতে বলে। এতে তার সঙ্গে হযরত আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহজাহানের লোকেরা তাদের ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে হযরত আলী ও তার ছেলে তাইজুল ইসলাম গুরুতর আহত হন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সংকটাপন্ন অবস্থার কারণে ছেলে তাইজুল ইসলাম (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, এ ব্যপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু
