নিজামীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীকে প্রাণনাশের হুমকি

আপডেট : ১৭ মে ২০১৮, ১৫:৫৫
পাবনার সাঁথিয়ায় মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর রাষ্ট্রপক্ষের সাক্ষী জহুরুল হক মাস্টারকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ফেসবুকে তার ছবি বিকৃত করে পোস্ট দেয়া হচ্ছে বলে জানা গেছে।
 
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই মামলার বাদী ও সাঁথিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক মাস্টারের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় উৎসব নামে এক যুবকের আইডি থেকে। নিজের ছবি বিকৃত ও নিজের বিরুদ্ধাচারণের কারণ জানতে চাইলে মুক্তিযোদ্ধা জহুরুল হককে উৎসব এবং তার সহযোগীরা প্রাণ নাশের হুমকি দেন।
 
গতকাল বুধবার বিকেলে জহুরুল হক মাস্টার বাদী হয়ে উপজেলার হাঁড়িয়া গ্রামের হুমায়ন কবির রশিদের ছেলে উৎসব (১৮), মোস্তফা মোল্লার ছেলে প্যারিস মোল্লা (২৫), মনসের আলী মোল্লার ছেলে মহসিন মোল্লা (২৭) ও মজিবুর রহমানের ছেলে হুমায়ন কবির রশিদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
থানার ওসি তদন্ত আব্দুল মজিদ জানান, মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার অভিযোগ করেছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।
 
ইত্তেফাক/এসএস