ময়মনসিংহে দগ্ধ ভারতীয় বয়লার বিশেষজ্ঞ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম অভিজিৎ কুমার দে (৪০)।
শনিবার ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারী ও গৌরীপুর উপজেলার চর শ্রীরামপুরের সীমান্ত মোড়ে অবস্থিত এগ্রো টেক ইন্টারন্যাশনাল লিমিটেডের বয়লার বিষ্ফোরণে তিনি আহত হন।
প্রতিষ্ঠানের নির্বাহী ব্যাবস্থাপক কে.এম শহীদুল্লাহ জানান, ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টায় তিনি মারা যান। তিনি ভারতের নদীয়া জেলার রানাঘাট আনুলিয়া থানার সাতিগাচা গ্রামের সমীর কুমার দে’র পুত্র।
এ ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার বিজয়নগর গ্রামের মৃত মোসলেম বেপারীর পুত্র মো. ইউনুস আলী ও রাঘবপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মো. মোস্তফা হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
মিল কর্তৃপক্ষ ও সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, গত শনিবার (১২ মে) দুপুরে এগ্রো টেক ইন্টারন্যাশনাল লিমিটেডের বয়লারের মেইনটেনেন্স এর সময় ভুলবশত: বয়লারের স্টিম প্রেসার না কমিয়ে বয়লারের ম্যানহোল খোলা হয়। এ সময় স্টিম প্রেসারের কারণে বয়লারের ভিতরে থাকা গরম পানি ছিটকে বয়লার সেকশানের চিফ ইনচার্জ ভারতীয় নাগরিক অভিজিতসহ ৩জন দগ্ধ হন।
তাদেরকে তাৎক্ষনিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে অভিজিতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ওই দিনই ঢাকার সিটি হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কোম্পানীর নির্বাহী ব্যাবস্থাপক কে.এম শহীদুল্লাহ ১৪ মে ময়মনসিংহ কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এগ্রো ইন্টারন্যাশনাল লিমিটেড নামের এ প্রতিষ্ঠানটিতে ধানের তুষ থেকে তেল তৈরি হয়। বয়লার মেরামত করার সময় দুপুরে দিকে এ ঘটনা ঘটে। শনিবারের এ ঘটনার পর থেকে কোম্পানীর কার্যক্রম বন্ধ রয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বয়লার বিকল হয়ে পড়ায় মেরামত করার সময় পানি ছিটকে তিনি দগ্ধ হন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
