চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান তানভীর।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট একেএম আজহারুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী একটি প্রবন্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মুক্তিযুদ্ধকে দাঙ্গা, আওয়ামী লীগকে সাম্প্রদায়িক দল ও দলীয় প্রধান শেখ হাসিনাকে ধর্মের লেবাসধারী উল্লেখ করায় মামলাটি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১২৩ক, ১২৪ক, ১৭৭, ৫০০, ৫০১, ৫০২ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। বাদীর আইনজীবী বলেন, আদালত আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের আদেশ দিয়েছেন।
আসাদুজ্জামান তানভীর জানান, অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী একটি প্রবন্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে দাঙ্গা বলে উল্লেখ করেছেন কিন্তু এর সপক্ষে তিনি কোনো ধরনের প্রমাণ কিংবা রেফারেন্স উল্লেখ করেননি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাসের বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দিয়াজের মায়ের করা হত্যা মামলার দুই নম্বর আসামি আনোয়ার হোসেন।ওই মামলা হওয়ার পর সহকারী প্রক্টরের পদ থেকে আনোয়ারকে সরিয়ে দেওয়া হয়। দিয়াজের মায়ের আবেদনে আদালত ওই হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। সে সময় আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটও করে ছাত্রলীগের একাংশ।
ইত্তেফাক/নূহু
