দাড়িতে মানাচ্ছে বলে তা কাটছেন না কোহলি!

আপডেট : ১৮ মে ২০১৮, ১৬:৫৫
বিরাট কোহলি বেশ কিছুদিন ধরেই দাড়ি রেখেছেন। বুধবার রাতে এক অনুষ্ঠানে সঞ্চালকের নজর পড়ে ভারতীয় অধিনায়কের দাড়িতে। তাই কোহলি তিনি প্রশ্ন করেন এই দাড়ির বিষয়ে। জবাবে তিনি বলেন, ‘আমি দাড়ি কাটছি না, তার কারণ একটাই। আমার মনে হয়, দাড়িতে আমাকে বেশ মানাচ্ছে। দাড়িটা পছন্দও করি। যে জন্য কাটতে চাইছি না।’
 
একটা সময় ভারতীয় দলের অনেকেই দাড়ি রাখতেন। কিন্তু মাঝে আবার দাড়ি কেটে ফেলার ঘটনাও দেখা যায়। রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার দাড়ি কেটে ফেলেন। কিন্তু কোহলি কাটেননি। যে জন্য অনেকেরই মনে হয়েছিল, আনুশকা চান বলেই হয়তো এই সিদ্ধান্ত। কিন্তু কোহলি নিজেই সেই ভুল ভেঙে দিলেন। তিনি আরও বলেন, ‘দাড়ি ঠিক রাখার জন্য এখন অনেক রকম তেল পাওয়া যায়। তাই সমস্যা কিছু হয় না।’
 
ভারত অধিনায়ককে আরও প্রশ্ন করা হয়, কোনও একটা গুণ যেটা নিজের মধ্যে দেখতে চেয়েছিলেন আপনি? কোহলি জবাব দেন, ‘বোলিং। চেয়েছিলাম, বোলিংটা যেন করতে পারি।’
 
তাহলে কি এখন বোলার হওয়ার চেষ্টায় আছেন? সঞ্চালকের প্রশ্নে কোহলি বলেন, ‘আরে না, না। অনেক চেষ্টা করেছিলাম বোলার হওয়ার। তার পর দেখলাম, আমার দ্বারা কাজটা ঠিক মতো হবে না। আমার বোলিং অ্যাকশনটাও অদ্ভুত রকমের ছিল। ডেলিভারির সময় আমার পা মাঝে মাঝে পিছলে যেত। তখনই বুঝে যাই, বোলিং আমাকে দিয়ে হবে না।’
 
ইত্তেফাক/কেআই