হরিরামপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৮ মে ২০১৮, ১৭:৪২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে গতকাল বৃহস্পতিবার রাতে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় দুই নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
 
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত দেড়টার দিকে হরিরামপুরের ঝিটকা বাজারে অপরিচিত এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে  নৈশপ্রহরীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এতে ওই ব্যক্তির কথাবার্তায় চোর সন্দেহ হলে তাকে মারধর করা হয়। আজ শুক্রবার সকালে ঘিওর উপজেলায় ঝিটকা-মানিকগঞ্জ সড়কের উভাজানী এলাকায় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ বলেন, চোর সন্দেহে পিটিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী শহিদুল ইসলাম (৪০) ও সাইদুর রহমানকে (২২) আটক করা হয়েছে। এছাড়া নিহতের পরিচয় উদঘাটন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস