আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে ইসলামের খেদমত করেছে। বিএনপি, জামায়াত-জাতীয় পার্টি ইসলামকে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করেছে। তারা ইসলামের উন্নয়নে কিছুই করে নাই।
শুক্রবার দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
খালিদ বলেন, দেশরত্ম শেখ হাসিনার হাত ধরেই খতম তারাবি প্রচলিত হয়েছে। হজ্ব ব্যবস্থা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সময়েই উন্নত হয়েছে। সারা বাংলাদেশের উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন শেখ হাসিনা সরকার। আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এর আগে বঙ্গবন্ধু ইসলামী সংস্থা ওআইসি’র সদস্য পদ নেন বাংলাদেশের। মাদ্রাসা বোর্ড গঠন করেন। মসজিদ নির্মাণ করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামকে ব্যবহার করেন।
খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশের মুসলিমরা ইসলাম ধর্ম মর্যাদার সঙ্গে এবং অনুগত্যের সঙ্গে পালন করেন। অন্য ধর্মের প্রতিও তারা সমান শ্রদ্ধাশীল। তিনি বলেন, বাংলাদেশের মুসলিমরা যতটুকু ভ্রাতৃত্ববোধ নিয়ে চলাফেরা করে পৃথিবীর আর কোনো দেশে এমনটা হয় না।
খালিদ বলেন, বাংলাদেশের মুসলিমদের সারা পৃথিবীব্যাপী সুনাম রয়েছে। মুসলিমরা নিজের ধর্মের প্রতি যেমন শ্রদ্ধাশীল, তেমনি অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। তিনি বলেন, সঠিক ভাবে ধর্মকে জানার জন্য এই সরকার যা করেছে বাংলাদেশের মানুষ সারাজীবন মনে রাখবে।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার মোর্শেদ, বিরল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা বারের সভাপতি নুরুজ্জামান জাহান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার, সেতাবগঞ্জ পৌরসভা মেয়র ফরহাদ হোসেন ইগলু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।
