সোনাগাজীতে অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার

আপডেট : ১৯ মে ২০১৮, ১৬:২৩
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়ন থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জলদস্যু জসিম উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। জসিম উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাভিকারী গ্রামের চাঁন মিয়ার বাজার এলাকার আবু তাহেরের ছেলে।
 
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে সোনাগাজীর উপকূলীয় চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী এলাকা থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও জলদস্যু জসিম উদ্দিন প্রকাশ জসিমা ডাকাতকে (৩৫) গ্রেফতার করে। এসময় পুলিশদল ধৃত ডাকাত এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি নিয়ে ফেরার পথে দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের হাজীপাড়া নামক স্থানে আবুল বাশার দোকানের সামনে আসলে ডাকাত ও জলদস্যু জসিম উদ্দিনের সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের উপর গুলি ছুঁড়ে এবং গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও শটগানের ২০ রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করে। এসময় জলদস্যু জসিম উদ্দিন তার সহযোগীদের গুলিতে বাম পায়ে হাঁটুর উপরে গুলিবিদ্ধ হয়। এ সময় ৯ জন কর্তব্যরত পুলিশ অফিসার ও ফোর্স জখম প্রাপ্ত হয়। গুলির শব্দে এলাকার লোকজন এগিয়ে আসতে থাকলে এবং অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত জসিম উদ্দিনের সহযোগীরা পালিয়ে যায় এবং পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত জসিম উদ্দিনকে উদ্ধার পূর্বক দ্রুত ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এবং সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।
 
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন অস্ত্রসহ আহত অবস্থায় জসিম ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত ও জলদস্যু জসিমের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় তিনটি ডাকাতি, ১টি হত্যা, ১টি অস্ত্র মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এসএস