চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আফসানা পারভীন বুলু (১৭) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আফসানা উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ধলই বাকের আলী গোমস্তার বাড়ির জাকির হোসেনের মেয়ে এবং কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আফসানা তার চাচাতো ভাই মো. খোরশেদের স্ত্রী ইয়াসমিনের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কবিতর্কে জড়ানোর এক পর্যায়ে ছুরিকাঘাতে দুজনই গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফছানাকে মৃত বলে ঘোষণা করেন। এবং ভাবী ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজিরহাট মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ফুয়াদ মাহমুদ আবদুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসপাতালে আনার আগেই আহত আফসানার মৃত্যু হয় এবং তার শরীরে ছয়টি আঘাতের চিহ্নও দেখা গেছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে জানান, ময়নাতদন্তের পর আসল ঘটনা কি তা জানা সম্ভব হবে।
ইত্তেফাক/এসএস
