চট্টগ্রামের সীতাকুণ্ডে গহীন পাহাড়ে ত্রিপুরা পাড়ায় দুই কিশোরীকে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এই হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে আজ শনিবার স্মারকলিপি দিয়েছে।
স্থানীয় সূত্রে ও নিহতের বাবা পুলিন কুমার ত্রিপুরা অভিযোগ করে জানান, একমাস ধরে ত্রিপুরা পল্লীর পার্শ্ববর্তী গ্রাম চৌধুরীপাড়া এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে মো. আবুল হোসেন তার বখাটে বন্ধুদের নিয়ে ত্রিপুরা পল্লীতে গিয়ে তার মেয়ে সুকুলতি ত্রিপুরাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সুকুলতি অসম্মতি জানালে বখাটে আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে নানাভাবে ফন্দি আঁটে কিভাবে সুকুলতিকে বাগে আনা যায়। একপর্যায়ে সপ্তাহ খানেক আগে সুকুলতিকে তার হাতে তুলে দেয়া বা তার কাছে বিয়ে দেয়ার জন্য পুলিনকে চাপ প্রয়োগ করে আবুল হোসেন। কিন্তু পুলিন এর প্রতিবাদ করলে আবুল হোসেন তার মেয়েকে অপহরণ করে ধর্ষণ এবং হত্যার হুমকিও দেয়। এরই ধারাবাহিকতায় পুলিন ও তার স্ত্রী কাজের সন্ধানে ঘরের বাইরে থাকার সুবাদে গতকাল শুক্রবার সকাল ১১টায় সুকুলতি ত্রিপুরা (১৭) এবং তার বান্ধবী স্থানীয় সুমন কুমার ত্রিপুরার মেয়ে ছবি রানী ত্রিপুরাকে একা ঘরে পেয়ে তাদেরকে ধর্ষণ করে হত্যা করে। পুলিশ খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং গতকাল গভীর রাতে আবুল হোসেনকে গ্রেফতার করে।
এদিকে সীতাকুণ্ড উপজেলার সকল ত্রিপুরাবাসী সুকুলতি ও ছবি রানীর অভিযুক্ত হত্যাকারী গ্রেফতারকৃত আবুল হোসেনসহ ধর্ষণ ও হত্যার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার পূর্বক ফাঁসি দাবি করে। আজ পৌরসদর বাজারে এক বিশাল মানববন্ধনসহ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে হত্যাকারীদের ফাঁসির দাবীতে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয়রা। অপরদিকে ত্রিপুরা পল্লীতে গিয়ে দেখা যায়, দুই কিশোরীর হত্যার ঘটনায় পল্লী পাড়ায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবারের মধ্যে আহাজারি কান্নার ফলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। নিহত সুকুলতির পরিবারের দাবী ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে।
IMG0
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হাসান জানান, এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সে হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তবে আটককৃতসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
