নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্র পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলা বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী সাটিরপাড়া এলাকার মৃত মহরউদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৪৭), মৃত কালা মিয়ার মেয়ে শিউলি (৪৮) ও মৃত লালু মিয়া মেয়ে আকলিমা বেগম (৪০)।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাসান জানান, আজ শনিবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার আখাউড়া থেকে শরীরের বিশেষ জ্যাকেটে করে ৭৫ ফেনসিডিল নিয়ে বিশনন্দী ফেরিঘাট হয়ে তিন নারী মাদক আড়াইহাজার উপজেলায় নির্ধারিত খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার জন্য যাচ্ছিল। এ সময় গোপন খবরের ভিত্তিতে বিশনন্দী ফেরিঘাটের এলাকায় চেকপোস্টে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে।
ওসি মোহাম্মদ হাসান আরও জানান, আটককৃত তিনজনই স্বামী পরিত্যক্তা। তারা দীর্ঘদিন যাবত বিশেষ কায়দায় ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত নারী মাদকব্যবসায়ী ফিরোজা, শিউলি ও আকলিমা বেগমকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এসএস
