ফুলবাড়িয়ায় দুই শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৯ মে ২০১৮, ২৩:২৩
ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পলাশতলী গ্রামের এক হতদরিদ্র গার্মেন্টস কর্মী রিতা বেগম তার কোলের দুই শিশুকে বিষ খাইয়ে নিজে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে।
 
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ মে) রাতে উপজেলার পলাশতলী গ্রামে। তবে বিষপানে গুরুতর আহত দুই শিশুসহ রিতাকে ফুলবাড়িয়া হাসপাতাল থেকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা করাতে এসে পরিবারের লোকজন জানায়, ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামের হতদরিদ্র পরিবারের রিতা বেগম (২৬) ঢাকায় গার্মেন্টসে চাকরী নেয়। গার্মেন্টস কর্মী রিতার সাথে পরিচয় হয় অপর গার্মেন্টস কর্মী সিরাজগঞ্জের হেলাল উদ্দিনের। পরিবারকে না জানিয়ে দুজনে বিয়ে করে সংসার শুরু করেন। রিতার সংসার জীবনে আসে ২ বছরের কন্যা মারিয়া ও ৬ মাসের পুত্র রিফাত।
 
সম্প্রতি রিতার গার্মেন্টসকর্মী স্বামী হেলাল উদ্দিন ২ শিশু সন্তানকে ফেলে পালিয়ে যায়। গার্মেন্টসকর্মী রিতা বেগম নিরুপায় হয়ে দুই শিশু সন্তানকে সংগে নিয়ে ঢাকার অলিগলিতে শিশুদ্বয়ের পিতাকে খুজতে থাকে। খুজতে খুজতে ঢাকার এক নির্জন এলাকায় পেয়ে যায় হেলালকে। এ সময় পাষন্ড হেলাল তার স্ত্রী রিতাকে মারধোর করে সেখান থেকেও পালিয়ে যায়। নিরুপায় হয়ে রিতা চলে আসে বাপের বাড়ি ফুলবাড়িয়ার পলাশতলী গ্রামে। বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করায় এখানেও দুই সন্তান নিয়ে ঠাই হয়নি রিতার।
 
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে রিতা তার দুই শিশু সন্তানের মুখে বিষ ঢেলে দিয়ে নিজে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির লোকজন রাতেই ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক দুই শিশু বাচ্চাসহ মা রিতা বেগমের অবস্থার বেগতিক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 
ইত্তেফাক/কেআই