ময়মনসিংহ ও ফেনীতে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। তারা মাদক চোরাকারবারি বলে পুলিশ জানিয়েছেন। শনিবার দিবাগত রাত ও রবিবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনার ঘটে।
ময়মনসিংহ: শহরের মাসকান্দা এলাকার গনশার মোড়ে শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রিয়াজুল ইসলাম বিপ্লব (৪০) একজন মারা যান। পুলিশ ভাষ্য মতে, তিনি মাদক চোরাকারবারি। তবে তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল দাস বলেছেন, ওই এলাকায় মাদক ভাগাভাগির খবর পেয়ে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় বিপ্লবকে আটক করা হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানে রাশেদুল ও কাওছার নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হেরোইন, ইয়াবা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ফেনী: ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠান গড় এলাকায় রবিবার ভোরে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন ভূইয়া (৩৩) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে। ওসি এম মোর্শেদ বলেছেন, আলমগীর একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
