জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নলকূপের উপর ও মধ্যে রাতের আঁধারে প্রতিপক্ষরা মল (পায়খানা) ঢেলে দেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে। এনিয়ে শনিবার স্থানীয় এক গ্রাম্য সালিশে প্রতিপক্ষ কামাল মুন্সী গংরা দোষ স্বীকার করে নতুন নলকূপ স্থাপন করে দেয়ার মৌখিক মুজলেকা দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে নন্দনপট্টি গ্রামের মো. জয়নাল আবেদীন সরদারের সাথে প্রতিবেশী কামাল মুন্সী গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জয়নাল অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা বৃহস্পতিবার রাতে তার বাড়ির ব্যবহৃত নলকূপের মধ্যে ও উপরে মল ঢেলে দেয়। প্রথম রমজানের সেহরি খাওয়ার জন্য তার কন্যা আইরিন সুলতানা পানি আনতে গেলে নলকূপের উপরের মল দেখতে পায়। পরবর্তীতে প্রতিবেশীদের ডেকে বিষয়টি দেখানো হয়।
এনিয়ে শনিবার জয়নালের বাড়িতে এক সালিশ বৈঠক বসে। গ্রাম্য সালিশ বৈঠকে উপস্থিত ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ছালাম সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ সরদার সত্যতা স্বীকার করে বলেন, কামাল মুন্সী, জামাল মুন্সী ও রুবেল মুন্সী কাজটি ভাল করেনি। তারা দোষ স্বীকার করায় ও নতুন নলকুপ আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপন করে দিবে বলে স্বীকার করেছেন।
ইত্তেফাক/আরকেজি
