কালীগঞ্জে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর লেখাপড়া অর্থ সংকটে

আপডেট : ২০ মে ২০১৮, ১৫:৪৯
ঝিনাইদহের কালীগঞ্জে দরিদ্র রিকশাচালকের ছেলে জাহিদ হাসান এবার এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। টাকা জোগাড় করতে না পারায় তার কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। জাহিদ হাসান ঝিনাইদহ কালীগঞ্জ রঘুনাঘপুর গ্রামের রিকসা চালক শাজাহান আলীর ছেলে। মা জাহানারা বেগম পেশায় একজন গৃহিনি।
 
জাহিদ কিভাবে কলেজে ভর্তি হবে এ নিয়ে ভাবছে! তার বাবা বলছে কলেজে পড়ানোর মত সামর্থ নেই তার। তাকে কলেজে ভর্তি করলে বই ও জামা কাপড় কিনতে প্রায় ১২ হাজার টাকা লাগবে। কিন্তু বাবার সামান্য আয়ে সংসার চালিয়ে ছেলের লেখাপড়া করানো সম্ভব হচ্ছে না। 
 
জাহিদের মা বললেন, তার ২ ছেলে ১ মেয়েসহ ৫ সদস্যর পরিবার। ছেলের বাবা যা আয় করে তা দিয়ে ৩ বেলা সন্তানদের মুখে খাবার জোটে না। ছেলেকে এখন কলেজে ভর্তি করতে টাকা, বই, ও জামা কাপড় লাগবে। এতে করে প্রায় ১২ হাজার টাকা খরচ হবে। এ টাকা জোগাড় করা সম্ভব না। যে কারনে ছেলে জাহিদের লেখা পড়া এখন অনিশ্চিত পর্যায় চলে গেছে। তবু ও জাহিদ লেখাপড়া ধরে রাখতে চায়,  ভর্তির টাকা জোগাড় করতে সে এখন গ্রামে গ্রামে প্রাইভেট পড়াছে সকাল থেকে রাত পর্যন্ত।
 
জাহিদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, জাহিদ বিজ্ঞান বিভাগের ছাত্র ও ছোট বেলা থেকেই লেখাপড়ায় ভাল।
 
ইত্তেফাক/নূহু