মেলান্দহে ছিনতাইয়ের ঘটনায় মামলা

আপডেট : ২০ মে ২০১৮, ১৬:০২
জামালপুরের মেলান্দহে এশিয়ান বাস চালক খোরশেদ আলমকে (৩০) কুপিয়ে আহত করে ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। আহত খোরশেদ আলমকে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহত মামলার বাদি হয়েছেন ড্রাইভারের পিতা সুরুজ্জামান।
 
জানা গেছে, সুরুজ্জামানের ছেলে বাসচালক খোরশেদ আলম ঢাকার একটি শো-রুম থেকে কিস্তিতে গাড়ি কেনাবেচার মধ্যস্থতা করতেন। গত ১৬মে দিবাগত রাত পৌনে ১০টার দিকে ঘটনার সময় খোরশেদ ১ লাখ টাকা নিয়ে নিজবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এ খবরটি জেনে একই গ্রামের আরিফ (৩০) ও ছামিউল হকসহ (৩২) ৫/৬ জন খোরশেদ আলমকে গতিরোধ করার জন্য ওৎ পেতে থাকে। খোরশেদ মহিরামকুল মোড়ের ফারুক হোসেনের দোকানের সামনে দাঁড়িয়ে মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব বাসের জন্য অপেক্ষা করছিলেন।
 
এ সুযোগে প্রতিবেশি আরিফ ও ছামিউল হক খোরশেদকে মোড় থেকে ডেকে একটু দুরে নিয়ে যায়। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ১ লাখ টাকা কেড়ে নেয়। খোরশেদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ছিনতাইকারীদের হাত থেকে তাকে রক্ষা করে।
 
এলাকাবাসী ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ছোরাটি উদ্ধার করে।তাৎক্ষণিকভাবে এলাকায় ঘটনাটি জানাজানি হবার পর ছিনতাইকারিদের হাত থেকে উদ্বারকৃত ছোরাটি গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জবজল শেখের কাছে জমা রাখা হয়।
 
ইত্তেফাক/নূহু