চান্দিনায় ছিনতাইকারীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তা

আপডেট : ২০ মে ২০১৮, ১৭:০৪
কুমিল্লার চান্দিনায় মনিরুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এস.আই) গুলি ও ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। রবিবার ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহত মনিরুল ইসলাম (৪৫) চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় উপ-পরিদর্শক পদে কর্মরত আছেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আহতের স্ত্রী নূরজাহান বেগম জানান, রবিবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা করে মাধাইয়া বাজার বাসস্টেশন এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন মনিরুল ইসলাম। এ সময় মোটরসাইকেলযোগে ৩জন লোক এসে অস্ত্রের মুখে তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু মনির তার হাতের ব্যাগটি না ছাড়ায় ছিনতাইকারীরা প্রথমে তার হাতে ও বাহুতে ছুরিকাঘাত করে এবং পরপর দুইটি গুলি করে। একটি গুলি মনিরুল ইসলামের হাতে লাগে এবং অপরটি লাগে বুকে।
 
নূরজাহান বেগম আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অপারেশন চলছে বলে জানান নূরজাহান বেগম।
 
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনার পর আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আহত পুলিশ অফিসারের চিকিৎসা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
 
ইত্তেফাক/নূহু