পুলিশ কনস্টেবলের লাশ ৮ মাস পর কবর থেকে তোলা হলো

আপডেট : ২০ মে ২০১৮, ১৭:৫৩
আড়াইহাজার উপজেলায় রবিবার বিকালে ৮  মাস পর রুবেল মাহমুদ সুমন নামে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ কনস্টেবলের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার লাশ তুলে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রুবেল মাহমুদ সুমন উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের রূপ মিয়ার ছেলে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান- উল- ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ওই পুলিশ কনষ্টেবলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 
 
এ সময় আড়াইহাজার থানার  ওসি এম এ হক, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ খালেদা নাজনীন উপস্থিত ছিলেন। 
 
জানা গেছে, ২০১৭ সালের ১  সেপ্টেম্বর ঈদের আগের দিন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালাপাহাড়িয়ায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঈদের ছুটিতে বাড়িতে আসা ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন নিহত হন।
 
এই ঘটনায় নিহতের বড় ভাই মোঃ কামাল হোসেন বাদী হয়ে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক কালামসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তদন্ত করছে।  
 
চাঞ্চল্যকর এই ঘটনায় মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে বাদী কামাল হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে রবিবার এই লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় বাদী কামাল হোসেন, নিহত রুবেলের বাবা ইউপি সদস্য রুপমিয়া সহ নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু