মিঠাপুকুরে শ্বাসরোধে হত্যা, আটক-১

আপডেট : ২০ মে ২০১৮, ১৯:০৬
বগুড়া থেকে পঞ্চগড়ের আটোয়ারীতে যাওয়ার পথে হানিফ মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ ট্রাকের যাত্রী অপর এক ব্যবসায়ীকে সন্দেহজনকভাবে আটক করেছে। রবিবার ভোররাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরে এ ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেরঘরিয়া গ্রামের মৃত. হাসেন মণ্ডলের পুত্র মরিচ ব্যবসায়ী হানিফ বগুড়ার মাটিরডালি এলাকায় পঞ্চগড়ের আটোয়ারীগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২০-৪২১৫) সামনের কেবিনে ওঠেন। একই সময়ে বগুড়ার সোনাতলা উপজেলার গাড়ামারা গ্রামের আবদুল আকন্দের পুত্র শফিকুল ইসলামও (৪৫) একই ট্রাকে সামনের কেবিনে ওঠে।
 
ভোররাতে মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছিলে ট্রাকের হেলপার ও অন্য যাত্রীরা হানিফকে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা ৬ লাখের বেশি টাকা ছিনতাই করে। তারপর গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে টহল পুলিশ সেখানে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
 
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, লাশ পোস্টমর্টেম করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/নূহু