বিয়ের আসরে বসার আগে চাঁদের গাড়ি কেড়ে নিল যুবকের প্রাণ

আপডেট : ২০ মে ২০১৮, ১৯:৪৩
৩ দিন আগে আঁধার মানিক এলাকার নুরুল ইসলামের মেয়ের সাথে মোস্তাফা কামাল রুবেলের (২৮) আকদ হয়।কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বধুবরণের কথা। কিন্তু সে সময় দিল না চাঁদের গাড়ি।
 
রাউজানে চাঁদের গাড়ির ধাক্কায় মোটর সাইকেল চালানো অবস্থায় রুবেলের মৃত্যু হয়েছে। এ সময় মো. জাহেদ নামের আরো একজন আহত হয়েছে। রবিবার দুপুর ২টায়  চট্টগ্রাম-রাঙামাটি সড়কে কুন্ডেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালি গ্রামের ফজল আহমেদের পুত্র।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার ওসি আব্দুল করিম বলেন, ‘রবিবার দুপুরে মোটরসাইকেলযোগে হাটহাজারী যাওয়ার পথে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুবেল নামের একজনের মৃত্যু হয়।ৎ
 
জানা যায়, নিহত রুবেল ২ ভাই ২ বোনের মধ্যে সবার বড়।
 
ইত্তেফাক/নূহু